Main Menu

বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালের ৬১২ নম্বর ভিআইপি কেবিনে থেকে চিকিৎসা নেবেন বেগম জিয়া।

বিএসএমএমইউ’র দুজন ও বেগম জিয়ার পছন্দের তিনজন চিকিৎসক মিলে তাঁকে চিকিৎসা দেবেন।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ড এম এ জলিল (মেডিসিন), অধ্যাপক ডঃ সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল ব্যানার্জি (কার্ডিয়লজি), ডক্টর নকল দত্ত (অর্থোপেডিক্স), সহকারী অধ্যাপক বদরুন্নেসা।

শনিবার (০৬ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে বেগম জিয়াকে বহনকারী ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) নতুন একটি প্রাইভেটকার হাসপাতালে এসে পৌঁছায়। এর পর সেখান থেকে হুইল চেয়ারে করে হাসপাতালে প্রবেশ করেন বেগম জিয়া। তাঁকে নিয়ে যাওয়া হয় ৬১২ নম্বর ভিআইপি কেবিনে।

এর আগে বিকেল সাড়ে ৩টার কিছু আগে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার খেকে বিশেষ নিরাপত্তায় বেগম জিয়াকে কারাগার থেকে বের করে হাসপাতালের উদ্দেশে রওনা করা হয়।

হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ডিলাক্স কেবিন ইস্যু করা হয়েছে। বেগম খালেদা জিয়া ৬১২ নম্বর কেবিনে থাকলেও তাঁর জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘৬১১ নম্বর কক্ষে বেগম জিয়ার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।’

এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে দুপুরের আগে থেকে হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসপাতালের ভেতরে ও বাহিরে অবস্থান নেয় র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কারাবরণের পর দ্বিতীয়বারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলো।

এর আগে গত ৪ অক্টোবর হাইকোর্টের এক আদেশে বলা হয়, খালেদা জিয়া চাইলে তাঁর পছন্দ মতো ফিজিওথেরাপিস্ট, গাইকোনকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। এমনকি তিনি বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে পারবেন। তবে সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের অনুমতি লাগবে।

ওই আদেশে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে ৫ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে ৯ সেপ্টেম্বর ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার পক্ষে রিট করেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে গত ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায় ঘোষণার পর ওই দিনই তাঁকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তিনি সেখানেই ছিলেন।

Share





Related News

Comments are Closed