Main Menu

ইবি শিক্ষার্থীর মাথা ফাটালো ছাত্রলীগ

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। আহত শিক্ষার্থী তৌহিদুর রহমান ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে ইংরেজি বিভাগের সাথে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকার হয়। দর্শক সারিতে থাকা তৌহিদের বন্ধুর সাথে জেভিয়ার জেভির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রলীগকর্মী জেভিয়ার জেভি, একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুর রহিম স্বপ্ন, ইমতিয়াজ, দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ইমরান ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৌহিদকে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে তৌহিদের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে তৌহিদ। পরে তৌহিদকে তার সহপাঠিরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনার পর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দিলে শহীদ জিয়াউর রহমান হলের দিকে পালিয়ে যায় তারা। জিয়াউর রহমান হলের গেট বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মী শাহজালাল সোহাগ, তুষার, বিপুল। পরে ঘটনাস্থলে প্রক্টর ড. মাহবুবর রহমান যান। এসময় প্রক্টর ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ধমক ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহত তৌহিদুর রহমান বলেন, ‘আমার যতটুকু মনে হয়, ওই সময় মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এ বিষয়ে বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছি।’

ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলাম জিল্লু বলেন, ‘বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ঘটনার বিচার দাবি করে ভিসির সাথে দেখা করেছি। তিনি লিখিতভাবে অভিযোগ চেয়েছেন। শনিবার লিখিত অভিযোগ নিয়ে ভিসির কাছে যাওয়া হবে।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘খেলার মাঠে সবাইকে নিয়ন্ত্রন করা সম্ভব হয় না। কিছু অঘটন ঘটে যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এবিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, এর আগে খেলা চলাকালে কয়েকটি ম্যাচে ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। খেলার আগে ছাত্রলীগ কর্মীদের পক্ষ থেকে বিপরীত টিমের খেলায়াদের হুমকি ও বিভিন্ন ধরণের ভয় ভীতি দেখানো হয়েছে বলেও জানিয়েছে খেলায়াররা।

Share





Related News

Comments are Closed