Main Menu

ট্রাক চাপায় পোশাক শ্রমিকের পা বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারে ট্রাকচাপায় একটি তৈরী পোশাক কারখানার শ্রমিক হাসিনা বেগমের (২৬) পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড দিয়ে হাসিনা বেগম (২৬) নামের ওই পোশাক শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ বলেন, আহত ওই শ্রমিককে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খুব সম্ভবত তার পা কেটে ফেলতে হবে।

হাসিনা বেগম সাভারের গেণ্ডা এলাকায় ডাইনামিক সোয়েটারের হেলপার পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের বনপুকুর এলাকায় আবদুল খালেকের বাসায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

এ ছাড়া প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে আশুলিয়ার বিশমাইল এলাকায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

ওসি জানান, ওই দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed