বিদ্যমান শিশু আইনে কিছু ত্রুটি রয়েছে : প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৩ সালের শিশু আইনে কিছু ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন,‘পৃথিবীতে কোন আইনকেই স্বয়ংসম্পূর্ণ বলা যাবে না। সকল আইনেই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে। তেমনিভাবে দেশে বিদ্যমান শিশু আইন-২০১৩ তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। যা বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগতমান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে।’
বুধবার বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনে সংস্কারকৃত আধুনিক শিশু আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ও শিশু অধিকার বিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরো বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির কর্ণধার। তাদেরকে আদর্শবান ও শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোন শিশুই অপরাধী হয়ে জন্মায় না। কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে এরা অপরাধ জগতে বিচরণ করে। শিশু যাতে বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, দেশ ও জাতির কর্ণধার হিসেবে জাতির ভবিষ্যত অগ্রগতির নেতৃত্ব দিবে আজকের শিশুরা। ফলে তাদের আদর্শ মানুষ ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তাদের শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা এবং মানসিক বিকাশে আমাদের সচেতন হতে হবে।
তিনি কোমলমতি শিশুর বিচারের বিষটি অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে সবাইকে সচেতন হতে আহ্বান জানান।
তিনি আরো বলেন, সিলেট শিশু আদালত বিচার বিভাগের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শিশু আদালতের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিস্পত্তির ক্ষেত্রে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।
সিলেটের যুগ্ম জেলা জজ তাসনিমা শারমিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি।
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসাইন, সিলেট জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনাপর্বের আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফিতা কেটে শিশু আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed