Main Menu

রোববার সুনামগঞ্জ আসছেন এরশাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সুনামগঞ্জ আসছেন। সকাল ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সুনামগঞ্জ সদরে এসে পৌঁছাবেন তিনি। এরপর তিনি ১২টার দিকে সুরমা নদীর তীরবর্তী সরকারি জুবিলী স্কুলের ফুটবল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জনসভায় বক্তব্য রাখবেন এরশাদ।

সফরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সঙ্গে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা আসছেন বলে জানা গেছে। জনসভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেবেন তিনি।

নির্বাচনের আগে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এ সফরের গুরুত্ব তুলে ধরে দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় ছোট-বড় বৈঠক করছেন তিনি। তাকে বরণ করে নিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীদের শুভেচ্ছা সংবলিত ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এরশাদের আগমনকে কেন্দ্র করে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। এই সম্মেলনকে এলাকার ভোটাররা সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থনে নির্বাচনি শোডাউন হিসেবে দেখছেন। এরশাদের আগমনকে কেন্দ্র করে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সুনামগঞ্জ পৌর এলাকা পর্যন্ত অর্ধশতাধিক তোরণ নির্মাণ ও পীর মিসবাহর সমর্থনে পোস্টারিং করেছেন জাপা সমর্থকরা।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, জনসভার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আশা করছি আগামীকাল জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভার সঙ্গে জেলা সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed