Main Menu

সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে প্রবাসী আ.লীগ নেতা খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুর্বৃক্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক এস এম আব্দুল আহাদ (৪০) নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার করিমপুর মেদিনী মহল গ্রামের হাজী নুর মিয়ার ছেলে।

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক আহমদ জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে মারা যান আহাদ। এর আগে রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। জরুরী বিভাগ থেকে অর্থোপেডিক্স ওয়ার্ডে রেফার্ড করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল আহাদের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের সামনে মোটরসাইকেল যোগে এসে একদল যুবক হঠাৎ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আহাদের পেট ও শরীরের বিভিন্নস্থান আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসমানী হাসপাতালে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। শুক্রবার রাতে তার বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।

কোতয়ালী মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা আহাদ গত ১৫ আগষ্ট অবকাশকালীন ছুটিতে দেশে ফিরেন।

Share





Related News

Comments are Closed