Main Menu

বিশ্বনাথে একই পরিবারের ৬ সদস্য অগ্নিদগ্ধ

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে  কয়েল থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের সাত সদস্যের মধ্যে ৬ জনই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে বুধবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া (রামপুর) গ্রামের ফারুক মিয়ার বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধ ৬ জন হলেন- ফারুক মিয়া (৫০), তার স্ত্রী চাম্পা বেগম (৪৫), মেয়ে রিফা বেগম (১৮), ছেলে এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজামউদ্দিন (১০)।

ঘটনার পর স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মধ্যে বুধবার বিকালে আশঙ্কাজনক অবস্থায় মা চাম্পা বেগম ও মেয়ে রিফা বেগমকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ফারুক মিয়া ও তার পরিবারের সদস্যরা কয়েল জ্বালিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অসতর্কতাবশত কয়েলের আগুন থেকে ঘরের আসবাবপত্রে আগুনের সূত্রপাত ঘটে। একসময় আগুনের ধোঁয়ায় পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়।

এ সময় তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে ঘরের চারদিকে ছড়িয়ে পড়া আগুনে পরিবারের ৭ জনের মধ্যে ৬ জন সদস্যই দগ্ধ হয়ে পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে, চম্পা বেগম ও তার মেয়ে রিফা বেগম ও ছেলে মিজানের অবস্থা আশংকাজনক জানিয়ে তাদের নিকটাত্মীয় ডা. আব্দুর রউফ আল নোমান, বিশ্বনাথ বনিক সমিতির কমিশনার আব্দুল মতিন রনি ও লেখক শাহীন উদ্দিন সাংবাদিকদের বলেন, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে। তারা এ অসহায় পরিবারকে সহযোগিতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed