Main Menu

ভাঙনের মুখে তালবাড়ী এলাকার নদী রক্ষা বাঁধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী বাজার এলাকা। দীর্ঘদিন থেকে এ ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে বিলীন হয়ে গেছে তালবাড়ী গ্রাম ও বাজার এলাকার একাধিক জায়গার নদী রক্ষা বাঁধ।

যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তালবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দোকানপাট। এতে বড় ধরণের ক্ষতির শিকার হবে এলাকার জনসাধারণ।

এ অবস্থায় তালবাড়ী এলাকার সুরমা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত রোববার (২৬ আগস্ট) তালবাড়ী এলাকাবাসীর পক্ষে আলী আকবর চৌধুরী কুহিনূর কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন।

আবেদন পত্রে তিনি উল্লেখ করেন তালবাড়ী গ্রাম ও বাজার সংলগ্ন পৃথক এলাকায় বন্যা নিয়ন্ত্রক বাঁধ ‘সুরমা ডাইক’ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। যে কোনো সময় তালবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দোকানপাটও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এছাড়া সুরমার পানি বৃদ্ধি পেলেই ভাঙন দিয়ে পানি প্রবেশ করে নষ্ট হয়ে যাবে এলাকার হাজার হাজার হেক্টর ফসলী জমি। তাই এলাকার মূল্যবান স্থাপনা, বাড়িঘর ও ফসল রক্ষার্থে জরুরী ভিত্তিতে সুরমা ডাইকের ভাঙন এলাকা পুনঃমেরামত আবশ্যক বলে তিনি আবেদনপত্রে উল্লেখ করেন।

এদিকে আবেদনের পর কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পাঠানো একটি টিম ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Share





Related News

Comments are Closed