Main Menu

নরসিংদীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত বেড়ে ১০

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জঙ্গুয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হন আরো আটজন। সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিলেট জেলার আজমিরিগঞ্জ উপজেলার আবুল হোসেন (৫৫), আবুল মিয়া (২৮), মোবারক (২২), সুনামগঞ্জের দোয়ারা উপজেলার সুজন (২২) ও তার স্ত্রী (নাম জানা যায়নি)। নিহতরা সবাই লেগুনার যাত্রী।

বেলাবো থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। এসময় আরও ১০জন আহত হন। তাদের জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে ও আরেকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ‘বাস-লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলেই আটজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।’

Share





Related News

Comments are Closed