Main Menu

নাটোরে দুদু হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ার আব্দুল কাদের ওরফে দুদু হত্যা মামলায় পূর্ববাংলা সর্বহারা পার্টির পাঁচ সদস্যের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান ছিদ্দিক এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। বাকী একজন রায় ঘোষণার আগেই মামলা চলাকালীন অবস্থায় মারা যায়। আর দুইজন পলাতক রয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, সিংড়ার বিয়াস গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিন, খলিলুর রহমানের ছেলে মোঃ বুলু, খবির উদ্দিনের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল, মৃত রহেদ আলীর ছেলে মজিবর রহমান ওরফে মজি এবং গুরুদাসপুরের যোগেন্দ্র নগর বিল হরিবাড়ির মৃত আবুল মোল্লার ছেলে মনির হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ বুলু ও মনির হোসেন পলাতক।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নাটোরের সিংড়া উপজেলার বিয়াস গ্রামে কৃষক আব্দুল কাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তাকে বেঁধে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ মামলাটির তদন্ত করে নয় জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আজ রবিবার আদালতের বিচারক পাঁচজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Share





Related News

Comments are Closed