Main Menu

কোটা নেত্রী লুমা তিন দিনের রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের আন্দোলনে গুজব ছড়ানোর মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুন নাহার লুমাকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রাজধানীর রমনা মডেল থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় বৃহস্পতিবার (১৬ আগষ্ট) ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম লুমার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৯ জুলাই ঢাকার এয়ারপোর্ট রোডে দুর্ঘটনায় দুই শিার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের কোমলমতি ছেলে-মেয়েরা নিরাপদ সড়ক চাই আন্দোলন করে। ওই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাভাবে প্রচারিত বিভিন্ন উসকানিমূলক লেখা/পোস্ট/ফটো/ভিডিওর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রিমান্ড আবেদনে আরও বলা হয়, এজাহারে উল্লেখিত ১৭ নম্বর ক্রমিকে বর্ণিত ফেসবুক আইডি নাম লুমা সরকার। ওই আইডির পরিচালনাকারী লুৎফুন নাহার লুমা ওরফে নীলা ওরফে লুমা সরকার। আসামির টাইম লাইনে পোস্ট করা লেখা অশ্রাব্য স্ট্যাটাস দেখে যে কেউ নীতিভ্রষ্ট হতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। গোপন তদন্তে লুমা অনেক সক্রিয়ভাবে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত আছে বলে জানতে পেরেছে পুলিশ। লুমার কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তার সহযোগীদের শনাক্ত, অপপ্রচার বন্ধ ও মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

আসামি পক্ষে নূর উদ্দিন, জায়েদুর রহমানসহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। শুনানিতে তারা বলেন, লুমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমরা জানি, ওই দিন দুই শিক্ষার্থী মারা গেছে। আর আসামিকে কেন রিমান্ডে নেয়া হবে তা উল্লেখ করা হয়নি। পুলিশ আবেদন দিয়ে বলে, তদন্তের স্বার্থে রিমান্ড চাই। এটা আইনসঙ্গত না। আইনজীবীরা বলেন, লুমার বাবা আবদুল কুদ্দুস একজন অধ্যাপক ছিলেন। তিনি মারা গেছেন। তার কোনো ভাই নেই। তারা তিন বোন। আদালতে তার মা এসেছেন। গরীব মানুষ তারা। আর অধিকাংশ সচেতন মানুষ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। তার নামে একটা কথিত ভিডিও চালিয়ে দেয়া হচ্ছে। অযৌক্তিক রিমান্ড আবেদন করা হয়েছে। লুমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আন্দোলনের সময় ভয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা না দিয়ে তিনি বাড়িতে চলে যান।

উভয়পক্ষে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লুমার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে রিমান্ড শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন লুমার মা রাশেদা বেগম।

এর আগে গত বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে লুমাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।

প্রসঙ্গত, ইডেন কলেজের ছাত্রী লুমা কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় আটটি মামলা করেছে। এসব মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে লুমা একজন।

 

Share





Related News

Comments are Closed