Main Menu

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক : পেশাগত দায়িত্বপালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সোমবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমে আছে। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে সাংবাদিক নাজেহাল এবং মারধরের প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কারওয়ানবাজারে সার্ক ফোয়ারায় ‘আমরা সাধারণ সাংবাদিকরা’র ব্যানারে মানববন্ধন এবং ১০ মিনিট প্রতীকী কর্মবিরতি পালন করার কথাও জানানো হয়।

হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন করতে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে প্রশাসনকেই। কারণ গণমাধ্যম আক্রান্ত হলে, আক্রান্ত হয় গণতন্ত্র। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের খবর সংগ্রহের সময় গত কয়দিনে আহত হয়েছেন অন্তত ১২জন সাংবাদিক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া আর তাদের ওপর হামলার চিত্র আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে বলেও মন্তব্য করেছেন সাংবাদিকরা।

মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সম্প্রচার সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

মানববন্ধনে সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, শাকিল আহমেদ, মামুনুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed