Main Menu

গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ ২৮ মামলার আসামি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম (৪৮) নামে ২৮ মামলার এক আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত আবদুস ছালাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মৃত সফু করাতি ওরফে সবুর আলীর ছেলে।

র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি হাবিবুর রহমান হাবিব জানান, সোমবার দিবাগত গভীর রাতে ৪-৫ জন মাদক বিক্রেতা সাতগিরি জামাল গ্রামে মাদক কেনাবেচা করছে- এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

মাদক বিক্রেতারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে। একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এসময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত দুই র‌্যাব সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তিটি আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম।তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের ২৮টির অধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি, ২০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed