শাহজালাল (রহ.) এর ৬৯৯তম বার্ষিক ওরস শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দুই দিনব্যাপী ৬৯৯তম বার্ষিক ওরস আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। শুক্রবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে আখেরী মোনাজাতের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ওরস। প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ দু’দিন ব্যাপী হযরত শাহজালাল (রহ.)এর মাজারে এই ওরস অনুষ্ঠিত হয়।
ওরস উপলক্ষে শাহজালাল (রহ.) এর মাজার নতুন করে সাজানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ভক্ত আশেকানরা ভীড় করছেন মাজার শরীফে। মাজারসহ আশপাশের এলাকা এখন লোকে লোকারণ্য।
রেওয়াজ অনুযায়ী আজ সকাল ৯টা থেকে মাজারে গিলাফ চড়ানো শুরু হয়েছে। ভক্তরা মিছিল সহকারে মাজারে গিলাফ নিয়ে আসছেন। বিকেল পর্যন্ত গিলাফ চড়ানো চলবে।
হযরত শাহজালাল (রহ.) উরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে মাজারে গিলাফ দেন বদর উদ্দিন আহমদ কামরান। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যান তিনি।
এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদসহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
এদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে শাহজালাল (রহ.) এর মাজারে গিলাফ প্রদান করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফলে এগিয়ে থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এই গিলাফ প্রদান করেন। গিলাফ প্রদানের পর দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে কারাগারে বন্দী বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুরমান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, বিএনপি নেতা ফাহিম আহমদ, সাবেক ছাত্রদল নেতা এখলাছুর রহমান মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, ৬৯৯তম বার্ষিক ওরস উপলক্ষে হযরত শাহজালাল (র) মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যাবসায়ী কমিটির নেতৃবৃন্দ মাজারে গিলাফ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যাবসায়ী কমিটির সভাপতি মো. ছালেক মিয়া, সাধারণ সম্পাদক ছাদ মিয়া, হযরত শাহজালাল (র.) ৩৬০ আওলীয়া ভক্তবৃন্দ পরিষদের ভাইসপ্রেসিডেন্ট পংকি মিয়া জালালী, সিলেট জেলা ব্যাবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এ.এইচ তাফাদার রুহেল, মো. বাসির মিয়া, মো. জলিল মিয়া, আলা উদ্দিন, কুদ্দুছ মিয়া, আলেক মিয়া, রিপন মিয়া, মো. চুনু মিয়া প্রমুখ।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে থাকছে পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা।
এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে- সেদিকে লক্ষ্য রেখে সিলেট মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তৎপর থাকবেন। এমনকি, মাজারকেন্দ্রিক পুলিশি তৎপরতা নজরদারি করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া, ওরস চলাকালীন আম্বরখানা থেকে চৌহাট্টা, দর্শন দেউড়ি হতে ঝর্ণারপাড়, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা এবং মাদ্রাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, মাজার ও তার আশপাশ এলাকায় কোনো যানবাহন পার্কিং না করার জন্য এসএমপির প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলক্বদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed