Main Menu

নিরাপদ সড়কের দাবীতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি: রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসের চাপায় দুই শিক্ষার্থীকে পিষে মারার প্রতিবাদে বিভিন্ন স্কুল-কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদেরর ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধন পরবর্তী একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্যকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘাতক বাসচালকের শাস্তির দাবি করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। এসময় নিরাপদ সড়কের ব্যবস্থা করার লক্ষ্যে শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেওয়াসহ নৌমন্ত্রী শাজাহান খানের বিভ্রান্তমূলক বক্তব্য প্রত্যাহারসহ তার পদত্যাগ দাবী করা করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন স্কুলে কলেজের সাধারণ শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed