Main Menu

শাহজালাল (রহ.) মাজারে ওরস ২ ও ৩ আগষ্ট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) মাজারে দুইদিন ব্যাপী ৬৯৯তম বার্ষিক ওরস ২ আগষ্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকাল পর্যন্ত। ৩ আগষ্ট শুক্রবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে আখেরী মোনাজাতের পর শিরণী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে ওরস।

এ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দরগাহ কর্তৃপক্ষ। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশ পুরো মাজার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে চেকপোস্ট। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে থাকবে পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে- সেদিকে লক্ষ্য রেখে সিলেট মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মাঠ পর্যায়ের পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তৎপর থাকবেন। এমনকি মাজারকেন্দ্রিক পুলিশি তৎপরতা নজরদারি করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া পবিত্র ওরস চলাকালীন আম্বরখানা থেকে চৌহাট্টা, দর্শন দেউড়ি হতে ঝর্ণারপাড়, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা এবং মাদ্রাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া মাজার ও তার আশপাশ এলাকায় কোনো যানবাহন পার্কিং না করার জন্য এসএমপির প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

উরস মোবারকে দেশবাসীর শান্তিপূর্ণ অংশগ্রহণের আহবান জানিয়েছেন দরগাই-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) মাজারের মোতোয়ালি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান।

ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা মঙ্গলবার থেকেই সিলেটে আসতে শুরু করেছে।

উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

Share





Related News

Comments are Closed