ঢাকাসহ তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা অব্যাহত রয়েছে। ‘বন্দুযুদ্ধের’ এসব ঘটনায় রাজধানীর কেরানীগঞ্জসহ দেশের দুই জেলায় দুই জন নিহত হয়েছেন। জেলাগুলো হলো নাটোর ও রাজশাহী।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ: রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাত সোয়া ২টার দিকে ভাওয়াল চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ‘রাত সোয়া ২টার দিকে আমাদের থানায় র্যাব-২ খবর দেয় কতিপয় সন্ত্রাসীর সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে। একজন সন্ত্রাসী সেখানে পড়ে আছে। এরপর আমরা গিয়ে দেখি অজ্ঞাত ব্যক্তি চিতাখোলায় পড়ে আছে। তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি, এখানে আসার পর রাত সোয়া ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় কিছু জানেন না তিনি। র্যাবও তাকে এ বিষয়ে কিছু জানায়নি। লাশটির ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী: রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দু’জন র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম বলেন, রাতে তারাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। এ সময় মাদক বিক্রেতারা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়।
তিনি জানান, পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তিটির নাম আব্দুর রশিদ। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক ও চোরাচালানসহ ১৭টি মামলা রয়েছে। তিনি রাজশাহীর একজন চিহ্নিত মাদক বিক্রেতা।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুই র্যাব সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে।
নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাবিল হোসেন (৪৫) নামে ১৩ মামলার এক আসামি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই র্যাবের সদস্য।
নিহত কাবিল উপজেলার জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল্লাহ ওরফে শহিদুলের ছেলে। আহত দুই র্যাব সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র্যাবের একটি টহল দল বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় সড়কে টহল দিচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলে যায়। তাকে গতিরোধ করার চেষ্টা করা হয়।
একই সময়ে ওই এলাকার মহিষভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের পাশে কিছু লোকের আনাগোনা দেখা যায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল ওই স্থানের দিকে অগ্রসর হতে থাকে। একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাত একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাকিরা পালিয়ে যায়। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত দুই র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি জানান, বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস নিহত ব্যক্তিটির নাম কাবিল হোসেন বলে নিশ্চিত করেন। একই সঙ্গে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। জেলার অন্যতম শীর্ষ মাদক বিক্রেতা হিসেবেও তার পরিচিত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলির খোসা, ২৮০ পিস ইয়াবা ও দু’টি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed