Main Menu

কামরানের সাথে সাক্ষাত করলেন আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করেছেন আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বিকালে পরিবারের আরো দুই সদস্যকে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে দেখা করতে যান বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী এবং মেয়ে সাইকা চৌধুরী নাহিয়াও কামরানের ছড়ারপাড়ার বাসায় যান। আরিফ সেখানে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন। বিকাল ৫টায় কামরানের বাসা ছাড়েন আরিফ।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, “ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। কামরান দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসাথে কাজ করতে চাই।”

বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, “সিলেটে রাজনৈতিক একটা সম্প্রীতি রয়েছে। আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।”

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। ১৩২টি কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০৮৯৬ ভোট অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানের চেয়ে গোলযোগে স্থগিত দুই কেন্দ্রের ভোট বেশি হওয়ায় চূড়ান্ত ফলের জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে আরিফুলকে।

নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১০ দিনের মধ্যে হবে।

স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শত ৮৭ জন। এদিকে কামরানের চেয়ে ৪ হাজার ৬ শত ২৬ ভোটে এগিয়ে আছেন আরিফ। সেই হিসেবে স্থগিত দুই কেন্দ্রে ১শত ৬১ ভোট পেলেই জয় সুনিশ্চিত করবেন আরিফ।

Share





Related News

Comments are Closed