Main Menu

দশ দিনের মধ্যেই স্থগিত ২ কেন্দ্রের নির্বাচন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হয়ে যাওয়া দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ আগামী ১০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সিলেট সিটি নির্বাচনের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এই কমিশনার এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, নতুন করে ব্যালট পেপার ছাপানোসহ নির্বাচনের জন্য প্রক্রিয়াগত যত কাজ আছে আশা করছি, আগামী ১০ দিনের ভেতরে সব শেষ হয়ে যাবে। তার পরেই পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশনার আরো বলেন, সেহেতু সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া দুটি কেন্দ্রের জন্য মেয়রদের ফলাফলই আটকে আছে, সেহেতু নির্বাচন দ্রুতই সম্পন্ন করা হবে। নির্বাচনের পরে ওই দুটি কেন্দ্রে কী হয়েছিল, তার তদন্ত করা হবে।

এর আগে সোমবার সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে ১৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ১৩২টি কেন্দ্রের মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

সেই হিসেবে আরিফুল হক চৌধুরী নির্বাচনে ১৩২টি কেন্দ্রে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৭।

সোমবার ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪) কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২ শত ২১ জন ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫ শত ৬৬ জন।

Share





Related News

Comments are Closed