Main Menu

আজ রাত ১২টা থেকে যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজ রোববার রাত ১২টা থেকে পরদিন সোমবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যন্ত্রচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

টেক্সিক্যাব, বেবী ট্যাক্সি, অটোরিক্সা (সিএনজি), মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা করা হয়েছে।

এছাড়া, গত শনিবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০৯.১৮.৪৬৭ তারিখ-১৮/০৭/১৮খ্রিঃ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পরিপত্র নং-০৭ তারিখ-১০/০৭/২০১৮খ্রিঃ মূলে জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এ গণবিজ্ঞপ্তি জারী করে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। কতিপয় জরুরী কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এদিকে, বিদেশ যাত্রীরা পাসপোর্ট এবং টিকেট প্রদর্শনের মাধ্যমে যথারীতি যাতায়াত করতে পারবেন। তবে, তারা তাদের সাথে অতিরিক্ত কাউকে বহন করতে পারবেন না বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Share





Related News

Comments are Closed