Main Menu

সিলেটে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত নয়টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, বিএনপির নেতাকর্মীদের মনোবলে চিড় ধরাতেই এ গ্রেপ্তার। কয়দিন আগেই তার বাসায় পুলিশ তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে যায়। আজ নগরীর মিরবক্সটুলা থেকে তাকে একটি মিথ্যা মামলায় আটক করে পুলিশ।

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক নগরীর চৌকিদেখিতে মেয়র প্রার্থী কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারনামীয় আসামী। এছাড়াও তিনি অন্য একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বলে পুলিশ সুত্রে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল রাজ্জাকের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে বিধায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেখি এলাকায় কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৬৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং আরো প্রায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

এ প্রসঙ্গে রাতেই এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ জুলাই বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসায় আইন শৃঙ্খলাবাহিনী তল্লাসী চালিয়েছে। এসময় আব্দুর রাজ্জাককে না পেয়ে তার ছেলে রুমান রাজ্জাককে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলাবাহিনী।

 

Share





Related News

Comments are Closed