Main Menu

সিলেট নগরীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে বিজিবি সদস্যরা নগরীতে টহল দিচ্ছেন বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সেই সাথে নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরো ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

সিসিক নির্বাচনে দায়িত্ব পালন করবে ১৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের ২৭টি টিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

সিলেট সিটি নির্বাচনের ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৪টি সাধারণ কেন্দ্রের প্রতিটিতে ২২ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য, আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন এপিসি এবং একজন ব্যাটালিয়ন আনসার সদস্য থাকবেন। আর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে থাকবেন ২৪ জন সদস্য। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য, আগ্নেয়াস্ত্রসহ আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও একজন এপিসি এবং তিনজন ব্যাটালিয়ন আনসার সদস্য।

এছাড়া ৯টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯ টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯জন এবং ৯জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক নুমেরি জামান।

তিনি জানান, সিসিক নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিসিক নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ২ হাজার ৯৪৮ জন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

নির্বাচনী দায়িত্বে থাকবেন ১৩৪ জন প্রিজাইডিং অফিসার, ৯২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার।

Share





Related News

Comments are Closed