Main Menu

সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) মধ্যরাতের এ ঘটনায় নগরীর বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার হোসেন ফারুক।

বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামলাটি দায়ের করেন। এতে ৬৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। যাদের মধ্যে বিএনপির মহানগর যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুককে প্রধান আসামী করা হয়েছে।’

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সরকার তার স্বৈরাচারী কায়দায় আমাদের নির্বাচনী কার্যক্রম ব্যাহত করতেই এ মামলা দায়ের করেছে। তারা নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে বদর উদ্দিন কামরানের চৌকিদেখির নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যান মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

এসময় ঘটনাস্থলে থাকা সিসিকের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সবুর আহমদ দিপু ও ছাত্রলীগ নেতা আফজাল জানান দু’টি মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

Share





Related News

Comments are Closed