নির্বাচনের সুষ্টু পরিবেশ নিয়ে শঙ্কায় আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, যত চেষ্টাই করেন না কেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। সিলেটের জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো।
শুক্রবার (২৭ জুলাই) রাত ১০টায় নগরীর শাহী ঈদগাহস্থ তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তার বেড়েই চলছে। এসময় তিনি বিষয়টিকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন।
নির্বাচনে ভোট কেন্দ্র দখলের আশঙ্কাও প্রকাশ করেন সদ্য সাবেক এই মেয়র। নির্বাচনের দায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসারদের পরিবর্তন করা হচ্ছে। এটা কিসের আলামত বলেও প্রশ্ন রাখেন আরিফ।
আরিফ বলেন, আওয়ামী লীগ কর্মীদের দিয়ে নিজেদের নির্বাচনী কার্যালয় পুড়ানোর মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর মামলা দেওয়া হচ্ছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আমার কর্মীদের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি কারাবন্দী থাকা ছাত্রদলনেতা কাজী মিরাজকেও নতুন ‘ফরমাশি’ মামলায় আসামী করা হয়েছে।
বদর উদ্দিন কামরানের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে আরিফ বলেন, যদি আপনি সিলেটের প্রতিনিধিত্ব করতে চান তাহলে এগুলো করে লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে জনগণের রায় মেনে নিবো।
নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত মাঠ থেকে ফিরে যাবো না। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্রয়োজনে জীবন দেবো তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না বলেও ঘোষণা দেন আরিফ।
আরিফ বলেন, গত কয়েকদিন ধরে আমার নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার, বাসাবাড়িতে তল্লাশির মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারদলীয় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থক নামধারী সন্ত্রাসী ও প্রশাসনের কিছু সংখ্যক সদস্যদের যোগসাজশে পরিকল্পিতভাবে আমার নির্বাচন পরিচালনায় নিয়োজিত থাকা দলীয় নেতাকর্মীদের ফাঁসাতে ককটেল হামলা, কার্যালয় পুড়ানোসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এ অবস্থায় সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে আমি শঙ্কিত।’
তিনি বলেন, ‘ভোটের দিন আমার পুলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে বাধা, গ্রেফতার, গুম করে কেন্দ্র দখল করে ফলাফল সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে নেয়ার পাঁয়তারা চলছে বলে আশঙ্কা করছি। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার, বাসাবাড়িতে তল্লাশি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরানের কর্মীবাহিনী দিয়ে পূর্বপরিকল্পিতভাবে কুশিঘাটে নিজের নির্বাচনী অফিস পুড়িয়ে মিথ্যা ও কাল্পনিক নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিএনপির দুই কর্মীর খোঁজ করতে গিয়ে শাহজালাল উপশহরে ডিবি পুলিশের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হলেও পরদিন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দেয়া হলো। একইভাবে দক্ষিণ সুরমায় পুলিশের উপর ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীর নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে।’
বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আরিফ উল্লেখ করেন, ‘সর্বশেষ বৃহস্পতিবার রাতে নগরীর চৌকিদেখীতে নিজের (কামরান) কার্যালয়ে নিজেদের বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত ১১ জুলাই হাসান মার্কেট এলাকায় আমার নির্বাচনী পোস্টার সাঁটাতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার তিন কর্মীকে আটকে রেখে মারধর ও একজনকে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে আমার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান করি। জানি না, আর কতো নাটকীয় ঘটনা সৃষ্টি করা হচ্ছে। আমি শঙ্কিত।’
আরিফ প্রশ্ন তুলেন, ‘ধারাবাহিকভাবে শান্ত নগরীকে অশান্ত করা কিসের আলামত? নগরবাসী তা ভালো করেই জানেন। ককটেল, আগুন সন্ত্রাস, প্রশাসনের একপেশে আচরণ বন্ধ না হলে নগরবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।’
সকল ‘ভয়ভীতি’ উপেক্ষা করে ৩০ জুলাই ভোটকেন্দ্রে যেতে নগরবাসীর প্রতি আহবান জানান আরিফ।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সাবেক এমপি আবুল কাহের চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিশদলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed