Main Menu

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে আবু বক্কর সিদ্দিক এহিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে আবু বক্কর সিদ্দিক এহিয়া নানা বাড়িতে দীর্ঘ দিন ধরে মা বোনসহ বসবাস করে আসছিল। বৃহস্পতিবার রাতের কোন এক সময় সে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে দরজা বন্ধ দেখে নান বাড়ির লোকজন অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেলে প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের খবর দেন।

পরে তারা ঝুলন্ত অবস্থায় এহিয়ার লাশ দেখতে পেলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন থেকে বাড়িছাড়া ছিল। তার বাবা সাইফুল ইসলাম মা, ভাইবোনসহ বাড়ী থেকে তাদের তাড়িয়ে দেন। স্ত্রী ও সন্তানদের তাড়ানোর পর তিনি আরও একটি বিয়ে করে ঘর সংসার করছেন। সম্পত্তি থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed