যানবাহন চলাচল ও অস্ত্র বহনে এসএমপির নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোটরসাইকেল চালনা, বৈধ-অবৈধ অস্ত্র বহন ও প্রদর্শন এবং মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি।
২৮ জুলাই শনিবার দিবাগত রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচলে এবং ২৯ জুলাই রবিবার দিবাগত রাত ১২টা থেকে বৈধ-অবৈধ অস্ত্র বহন ও প্রদর্শন এবং মোটরযান চলাচলের উপর এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
শুক্রবার (২৭ জুলাই) এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা :
এসএমপি জানায় ‘আগামি ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে ২৮ জুলাই মধ্যরাত হতে ভোট গ্রহণের পরের দিন ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে বলা হয়।
বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা :
একইভাবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারীকৃত পরিপত্রের আলোকে আগামী-২৯ জুলাই মধ্য রাত হতে ৩১ জুলাই মধ্য রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
যন্ত্রচালিত যানবাহন/নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা :
নির্বাচনকে সামনে রেখে যন্ত্রচালিত যানবাহন/নৌ-যান চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে এসএমপি।
এসএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়- সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে নির্বাচনের আগের দিন ২৯ জুলাই মধ্যরাত হতে ভোট গ্রহণের দিন ৩০ জুলাই মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় টেক্সিক্যাব, বেবী ট্যাক্সি, অটোরিক্সা (সিএনজি), মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক এবং যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচল উক্ত নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এদিকে একই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের বরাত দিয়ে- সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদেরকে শুক্রবার (২৭ জুলাই) রাত ১২ টার আগেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed