Main Menu

সিলেটে গণতন্ত্র লুণ্ঠিত হতে দেওয়া হবে না: অলি আহমদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোনোভাবেই গণতন্ত্র লুণ্ঠিত হতে দেওয়া হবে না উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এই সিলেটে আমি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছি। জীবন বাজি রেখে পবিত্র এই নগরীকে রক্ষা করেছি। যার কারণে সিলেটের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। তাই সরকারকে অনুরোধ করছি, আগামী ৩০ জুলাই এই পবিত্র নগরীতে যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদি এখানে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আগামী সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে না।’
বুধবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ আরও বলেন, ‘সরকার এখন হতাশাগ্রস্ত হয়ে সিলেটে নানা নাটক করে যাচ্ছে। গ্রেফতার করছে বিএনপির নেতাকর্মীদের। এটাকে গণতন্ত্র বলে না। সরকারের নানা মিথ্যাচারের কারণে দেশের মানুষ আর সরকারকে বিশ্বাস করে না। আপনাদের রাজনৈতিক ও সামাজিক কর্তব্য হলো এবারও ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে জয়ী করা। কারণ, আমি সিলেটের বর্তমান যে চিত্র দেখেছি তা আগে কখনও দেখিনি।

সিলেটে জামায়াতের মেয়র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত ২০ দলীয় জোটের শরিক দল ছিল। কিন্তু এবারের সিটি নির্বাচনে তারা যেহেতু মেয়র প্রার্থী দিয়েছে তাহলে তারা একা। আরিফ ১৯ দলের জোট প্রার্থী। জামায়াত চেয়েছিল এতদিন যেহেতু তারা সিলেটে মিছিল, সভা করতে পারেনি তাই এবার নির্বাচনে প্রার্থী হয়ে ওইসব কাজ করছে। তবে আশা করি নির্বাচনের আগেই জামায়াতের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জোটের প্রার্থী আরিফকে সমর্থন করবে।

Share





Related News

Comments are Closed