Main Menu

ঢেপা নদীতে ডুবে প্রাণ গেল ২ কিশোরের

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাজু (১৬) ও মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের ঢেপা নদীর স্লুইজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু বীরগঞ্জ পৌর শহরের সেন্টার পাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার পোস্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আলম হোসেন জানান, তাপদাহের কারণে দুপুর সাড়ে ১২টায় পাঁচ কিশোর বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইজ গেটে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ৩ কিশোর পানি থেকে উপরে উঠে আসলেও রাজু ও জাহিদুল ইসলাম জাহিদ নামে দুই কিশোর পানির স্রোতে তলিয়ে যায়।

তিনি জানান, এ সময় উপরে উঠে আসা তিন কিশোরের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরে শতাধিক তরুণকে নিয়ে উদ্ধারে নামেন পৌর ছাত্রলীগের সভাপতি মো. মোনায়েম খান। তাদের সাথে নৌকা নিয়ে যোগ দেয় স্থানীয় জেলেরা।

দুপুর ২টায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. মোর্শেদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উদ্ধার কাজে যোগ দিলে দুপুর ২টা ৩৫মিনিটে দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাকিলা পারভীন নদীতে ডুবে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed