পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ জেলায় মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে ‘গোলাগুলি’ ও ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ৪টার মধ্যে এ ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে। লালমনিরহাট, দিনাজপুর, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলায় এ ঘটনাগুলো ঘটে।
লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২০ জুলাই) রাতে উপজেলার সিংগিমারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রবিউল বগুড়ার শহরের ধাওয়া ফিকশান সোনারপাড়া এলাকার বাসিন্দা।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, উপজেলার সিংগিমারী এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা-বেচা করছে রাতে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে পৌঁছানো মাত্রই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় এক পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার দুই পায়ে গুলি লাগে। হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলামের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে আব্দুর রহিম (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার ভোর রাত ৩টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী এলাকার বিদ্যুৎ মোড় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুর রহিম উপজেলার পুরাতন বাজার রেলগেট এলাকার নুরুন্নবীর ছেলে।
পার্বতীপুর থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, গোলাগুলির খবর পেয়ে ভোর রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে ১টি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, গুলির খোসা, ১০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। দু’পক্ষের গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। আব্দুর রহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ ইসমাইল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুঁচপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। আজ (২১জুলাই) ভোররাত ৪টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রীজের পাশে এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪৬৫পিস ইয়াবা উদ্ধার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘আজ রাত আনুমানিক ৪টার দিকে খবর আসে যে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রীজের পাশে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে গোলাগুলি হচ্ছে। এসময় চকয়িা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মো: ইসমাইল (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা পুলিশ জানতে পারেন যে মো: ইসমাইল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৬টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি তিনি মাদক ব্যবসায়ী। এ সময় র্যাবের চার সদস্যও আহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরপুর এলাকায় টহল দিচ্ছিল র্যাবের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোল্লান গ্রামের একটি আম বাগানে ৫-৬ জনের একটি মাদক চক্রের দল মাদক কেনা-বেচা করছে। এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই আমবাগানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামছুদ্দীন ওরফে শ্যাম (৩৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শামছুদ্দীন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চরদামুকদিয়া বাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শামছুদ্দীন ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় বিশ্বাস পাড়া গ্রামের মৃত্যু কুব্বাত আলীর ছেলে।
ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভেড়ামারার চরদামুকদিয়া বাঁকাপুল এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যাক্তি ভেড়ামারা উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামছুদ্দীন ওরফে শ্যাম। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় প্রায় ৮টি মাদকের মামলা রয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed