Main Menu

সিলেটে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আপনারা দেখবেন, কিভাবে আমরা সিলেটকে নিরাপত্তার চাদরে ঢেকে দেবো। সিসিক নির্বাচনে অস্ত্র ও অস্ত্র ছাড়া আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া র‍্যাব-পুলিশ-বিজিবি প্রয়োজনের তুলনায় অনেক বেশি মোতায়েন করা হবে।

শনিবার (১৪ জুলাই) সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নির্বাচন কমিশন আয়োজিত সিসিক নির্বাচনে মেয়র-কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ প্রশাসন অযথা কোনো হয়রানি করবে না। কোন কর্মকর্তা অযথা হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম বলেন, সিলেটের সার্বিক নির্বাচন পরিস্থিতি অত্যন্ত ভালো। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এজন্য নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। তারপরও প্রার্থীরা যে অভিযোগ-অনুযোগ জানাচ্ছেন, তার একটিও থাকবে না, যদি প্রত্যেক প্রার্থী প্রতিটি কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেন। প্রার্থীর এজেন্টরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, তবে আমি ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সিলেটে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার বলেন, খুলনা ও গাজীপুর নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কাউকে প্রশ্ন তুলতে দেয়া হবে না। তিনি বলেন, প্রার্থীরা কেন্দ্রে পোলিং এজেন্ট দিলে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উঠবে না। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাদের আশংকার কথা তুলে ধরেন। তারা বলেন, অনেক স্থানে প্রার্থীদের পোস্টার ছিড়া হচ্ছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। এসব তারা কমিশনের হস্তপেক্ষ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, নাগরিক কমিটি মনোনীত বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর ও হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের এবং সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল খালিক, রেজওয়ান আহমদ, সৈয়দ তৌফিকুল হাদি, নিলুফার সুলতানা চৌধুরী লিপি, পারুল মজুমদার, মখলিছুর রহমান কামরান, শামীমা স্বাধীন, শেখ তোফায়েল আহমদ সেপুল, ইব্রাহিম খান সাদেক, সেলিম আহমদ রনি, এমদাদ হোসেন চৌধুরী, লায়েক আহমদ চৌধুরী, রাজিক মিয়া ও আফতাব হোসেন খান।

এর আগে, গত ৯ জুলাই সিলেট সহ তিন সিটিতেও নির্বাচনী প্রচারের সময় বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।

আগামী ৩০ জুলাই সিলেট সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। বর্তমানে প্রার্থীরা প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

Share





Related News

Comments are Closed