Main Menu

সিলেটে কর্মক্ষম ও প্রতিবন্ধীদের চাকুরী মেলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের চাকুরী মেলার আয়োজন করা হয়েছে। আগামি ১৮ আগষ্ট (শনিবার) সকাল ১০টা হতে দিনব্যাপী নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। “Sylhet Job Fair for Persons with Disabilities 2018” শীর্ষক এ চাকুরী মেলা বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের প্রতিবন্ধিদের কর্মক্ষেত্রে সংযুক্তকরণ এবং প্রতিবন্ধিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে মেলার অয়োজন করা হয়েছে।

এতে চাকুরীদাতা প্রতিষ্ঠানের মালিক অথবা প্রতিনিধির মাধ্যমে ইন্টারভিউ গ্রহণপূর্বক আগ্রহী ও কর্মক্ষম প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদান করা হবে। উক্ত মেলায় অংশগ্রহণের জন্য এবং কর্মক্ষম প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রাপ্তির জন্য নগরীর জেল রোডস্থ সিলেট চেম্বার কার্যালয়ে নিজ নিজ জীবন বৃত্তান্ত, যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যাবলি প্রেরণের আহবান জানানো হয়েছে।

সিলেট চেম্বারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অনেক প্রতিবন্ধি যোগ্যতা ও অদম্য ইচ্ছাশক্তি থাকার পরও শারীরিক অপূর্ণতার কারণে কর্মক্ষেত্রে যুক্ত হতে পারছেন না। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব প্রতিবন্ধিদেরকেও দেশের উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব হবে। তাছাড়া সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে কর্মক্ষম ও আগ্রহী প্রতিবন্ধীদের চাকুরী প্রদানের জন্য চাকুরীদাতা প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সভাপতি খন্দকার সিপার আহমদ অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed