Main Menu

সিসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৯ প্রার্থী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ৭ জন ও বুধবার ২ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় মনোনয়নপত্র জমা দান।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত ডা. মোয়াজ্জেম হোসেন খান, জামায়াতের মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (স্বতন্ত্র), কাজি জসিম উদ্দিন (স্বতন্ত্র), মুক্তাদির হোসেন তপাদার (স্বতন্ত্র) এবং যুব সংগঠক এহছানুল হক তাহের (স্বতন্ত্র)।

এছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি ও মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা মনোনয়নপত্র জমা দেননি। এর মধ্যে ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী কে এম আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন জোট প্রার্থী আরিফুল হকের সমর্থনে।

রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, কামরান ও আরিফসহ মোট নয়জন মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ কাউন্সিলর পদে ১৩৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৩ জন।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিটি করপোরেশনের মোট ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটার আগামী ৩০ জুলাই তাদের পছন্দের প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। চলতি মাসের ১৩ তারিখ ঘোষিত তফশীল অনুযায়ী আজ ছিলো মনোনয়নপত্র জমা প্রদানের শেষ দিন।  আগামী ১ ও ২ জুলাই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই। ৩০ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা দিয়ে বদর উদ্দিন বলেন, সবার সহযোগিতা নিয়ে একটি আধুনিক মহানগরী গড়তে কাজ করতে চান তিনি।

“নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সবাই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মাঠে কাজ করছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আশা করছি আতীতের মতো জনগণের রায় নিয়ে মেয়রের পদে আসীন হব।”

কেন্দ্রীয় আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কামরানের সঙ্গে ছিলেন।

এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা তো রয়েছেই। কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক দেখছি। খুলনা ও গাজীপুরের মতো পরিন্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নির্বাচন কমিশন লক্ষ রাখবে বলে আশা করছি।”

এর আগে বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়রের পদ ছাড়েন আরিফুল।

বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

Share





Related News

Comments are Closed