Main Menu

সিসিকের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আরিফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সদ্য পদত্যাগ করা এই সিটি মেয়র।

মনোনয়ন দাখিল শেষে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট মহানগরীর ভোটাররা আমাকে আবারও মেয়র পদে দেখতে চায়। যদি নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয় তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’ এছাড়াও দলের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এখানে মনোনয়নের লড়াই থাকবে এটা স্বাভাবিক। তবে সিলেট বিএনপি সবসময় ঐক্যবদ্ধ।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরিফের সাথে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করতে দুপুর ১টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘গত সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। দীর্ঘদিন কারাগারে ছিলাম। যত দিন দায়িত্বে ছিলাম, তত দিন মানুষের কল্যাণে কাজ করেছি। তাই আসছে নির্বাচনে মানুষ আমাকে ভোট দেবে বলে বিশ্বাস করি।’
এসময় তিনি দায়িত্ব পালনকালে ভুল-ত্রুটির জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থণা করেন।

এরপর দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন আরিফ। সেখান থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন আরিফ।

গত ২৭ জুন বুধবার ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য ২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে বিপুল ভোটে পরাজিত করেন। এর পর নব নির্বাচিত এ মেয়র দায়িত্বভার গ্রহণের পর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দুই বছর কারাবরণ করে জামিনে বেরিয়ে এসে পুনরায় মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed