Main Menu

সিলেটে ঈদের রাতে স্কুলছাত্র খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় মশিউর রহমান তাহমিন (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃক্তরা। শনিবার রাত ১০টার দিকে শিবগঞ্জ মিতালী ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান তাহমিন এবছর স্কলার্সহোম স্কুল থেকে এসএসসি পাশ করেছে। সে শিবগঞ্জ সোনারপাড়ার মুজিবুর রহমানের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের একবন্ধুকে হেফাজতে নিয়েছে শাহপরাণ থানা পুলিশ। পুলিশ হেফাজতে নেয়া রাফাত হোসেন (১৭) নামের ওই কিশোর বালুচর ফোকাস ১০০ নম্বর বাসার রিনুক আহমদের ছেলে।

জানা যায়- শনিবার রাত সাড়ে ১০টার দিকে একদল যুবক তাহমিনের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন তাহমিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দৃশ্য সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, মিতালী ফার্মেসির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহসিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারাপারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে।

তাহসিনের ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ছাড়া গলায় ক্ষত নিয়ে তার বাঁচার প্রচেষ্টাও দেখা গেছে এতে।

ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।

নিহতের বাবা মুজিবুর রহমান জানান, তাহমিনের কয়েক বন্ধু শনিবার সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা খেয়ে তাহমিনকে নিয়ে বের হয়ে যায় তারা।

তিনি অভিযোগ করে বলেন, যারা তাকে ঘর থেকে ডেকে নিয়ে গেছে তারাই তাকে হত্যা করেছে। তাহমিনের এসব বন্ধুদের আমি আগে কখনও দেখিনি। তাই তাদের নামও বলতে পারব না।

Share





Related News

Comments are Closed