Main Menu

সিলেটে ছাত্রদলের মিছিলে বিদ্রোহীদের হামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে কারাফটকে ফের গ্রেফতারে প্রতিবাদে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করেছে পদ বঞ্চিতরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ক্বীণ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ৩ ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ৩টার দিকে নগরীর তালতলা এলাকা থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে কারাফটকে ফের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি ক্বীন ব্রীজ এলাকায় আসামাত্র মিছিলে হামলা চালায় পদবঞ্চিতরা। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে নবগঠিত জেলা ও ছাত্রদলের নেতা কর্মীরা সুরমা পয়েন্টে পথ সভা করে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে কারাফটকে ফের গ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ন মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি সুরমা পয়েন্টের সামনে যাওয়া মাত্র ছাত্রদল নামধারী কিছু বহিরাগত হামলা চালায়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।

উল্লেখ্য, গত বুধবার (১৩ জুন) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ কমিটি অনুমোদন দেন। গঠিত ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটিতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি, দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোতাক্কাবীর সাকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়। অপর দিকে মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুদীপ জ্যোতি এষকে সভাপতি, ফজলে রাব্বী আহসানকে সাধারণ সম্পাদক ও রুবেল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

অন্যদিকে কমিটিকে ‘ভারসাম্যহীন’ আখ্যায়িত করে কমিটি থেকে পরদিনই পদত্যাগপত্র জমা দেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, সহ সভাপতি শিহাব খান, যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সুহেল রানা, যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুল মজিদ চৌধুরী মুহিব। বৃহস্পতিবার রাতে এই কমিটিকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed