ঢাকাসহ সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধ ও গোলাগুলিতে মঙ্গলবার (২৯ মে) রাতে রাজধানীসহ নয় জেলায় আরো ১৪ জন নিহত হয়েছে।নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নয় জেলার মধ্যে ঢাকায় তিনজন, মাগুরায় তিনজন, যশোরে দুই এবং চুয়াডাঙ্গায়, সিরাজগঞ্জ, নড়াইল, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।
ঢাকা: রাজধানীর ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মে) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪৬), বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা (৫০)।
র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির জানান, লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে একদল মাদক বিক্রেতা অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাব সেখানে অবস্থান চালায়। টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন মাদক বিক্রেতা নিহত হন। আর বাকিরা পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মে) ভোর রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, মরাগাঙ এলাকায় ভোর রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে টহল পুলিশ সেখানে অভিযান চালায়। টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়। গুরুতর আহত ওই ডাকাত সদস্যকে তাৎক্ষণিক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাৎক্ষণিক নিহত ডাকাতের নাম জানা যায়নি। তার দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মাগুরা: মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের ইসলামপুর পাড়ার রাজ্জাক ঢালীর পুত্র রায়হান ঢালী ওরফে বিট্রিশ (৩০), ভায়না এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫৫) ও শহরের নতুন বাজার বৈরাগি পাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী ওরফে কালা।
মাগুরার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছয়রুদ্দিন জানান, শহরতরীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়ের শব্দ শুনে টহল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ৬ বোতল ফেনসিডিল, ৬টি রাইফেলের গুলি, ৮টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রায়হান ওরফে বিট্রিশ ও কিশোর অধিকারী কালার নামে ১০টি এবং বাচ্চু চোপদারের নামে ৭টি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি শীর্ষ মাদক বিক্রেতা তানজিল হোসেন (৪০) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশান হাবিব (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় একটি ওয়ান শুটারগান, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’টি মরদেহ, দু’টি ওয়ান শুটারগান ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকার মাজহারুল ইসলামের ছেলে লিটন হোসেনের (৩৫) নাম জানা গেছে। নিহত লিটনের বিরুদ্ধে থানায় ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
নড়াইল: নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজিব (২৬) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২৭৬ পিস ইয়াবা, রিভলবার, দুই রাউন্ড গুলি, তিনটি দা উদ্ধার করা হয়। সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোসমত আলী নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাইপগান, কার্তুজ ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোসমতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় সাতটি মামলা রয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসহাক নামে (৩৫) এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে চার হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজার: কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নেত্রকোনার শীর্ষ মাদক বিক্রেতা ও ১০ মামলার আসামি মজিবুর রহমান (৪২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed