বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী। দিবসটি উদযাপনের লক্ষ্যে ঢাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সংস্থার পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (বাংলা-পঁচিশে বৈশাখ-১২৬৮) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন।
বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ রোগভোগের পর বাংলা ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ (ইংরেজি ৭ আগস্ট-১৯৪১) কলকাতায় পৈত্রিক বাসভবনে মৃত্যুবরণ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে ‘তত্ববোধিনী পত্রিকা’য় তার প্রথম লেখা কবিতা ‘অভিলাষ’ প্রকাশিত হয়।
অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতিলাভ করেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনূদিত ও পাঠ্য সূচিতে সংযোজিত হয়েছে। ১৮৭৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘কবিকাহিনী’ প্রকাশিত হয়। এ সময় থেকেই কবির বিভিন্ন ঘরানার লেখা দেশ-বিদেশে পত্র-পত্রিকায় প্রকাশ পেতে থাকে। ১৯১০ সালে প্রকাশিত হয় তার ‘গীতাঞ্জলী’। এই বইয়ের জন্য কবি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমিতে আজ বিকেলে এক আলোচনা সভার আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি পঁচিশে বৈশাখ সন্ধ্যায় জাতীয় নাট্য শালায় কবিগুরুর ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
নওগাঁ শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃত পল্লী পতিসর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগনার জমিদারী পেয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালে। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নিয়মিত এই কাছারী বাড়িতে আসতেন। রচনা করেছেন অনেক কবিতা, গল্প, প্রবন্ধ। তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবারে জাতীয়ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র উৎসব। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পতিসরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের।
এদিকে চলতি শিক্ষা বছরে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাত্র দু’দিনের অনুষ্ঠান আয়োজন করায় রবীন্দ্র ভক্ত-অনুরাগীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরুর কুঠিবাড়িতে জন্মজয়ন্তী উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে চড়াই কোল থেকে শিলাইদহ কুঠিবাড়ী পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার বেহাল সড়ক চলাচল উপযোগী করা হচ্ছে। জানালেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার এক বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার অমোচনীয় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্মরণ করি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদায় উন্নীত করতে তার অসামান্য অবদানের কথা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের যুগোত্তীর্ণ শ্রেষ্ঠ লেখক ও বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন। অবিনাশী সৃষ্টির দ্বারা তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, দার্শনিক, সংগীত রচয়িতা ও সুরকার হিসেবে এক উচ্চমাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেন।
তিনি বলেন, কবি রবীন্দ্রনাথ শুধু কবিই ছিলেন না, ছিলেন সমাজ, রাজনীতি ও সামাজিক সম্প্রীতির অক্লান্ত ভাষ্যকার। যা তিনি সাহিত্য ও কর্ম জীবনের শুরু থেকে আমৃত্যু করে গেছেন।
মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় একই সঙ্গে সমাজ চেতনা ও মানব প্রেমের শাশ্বত বাণী বিধৃত হয়েছে আবার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহবান তার সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা মানুষকে চিরকাল মানব প্রেম ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মার শান্তি কামনা করি।
Related News
জালালপুরে সিলেটি পাঠাগার-এর শুভ উদ্বোধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে শিক্ষা, সংস্কৃতি ও মুক্তপাঠRead More
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার অবিনাশী উচ্চারণে বাংলা সাহিত্যকেRead More



Comments are Closed