Main Menu

সিলেটে মা-ছেলে খুনের ৩দিনেও গ্রেফতার নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারের খারপাড়ায় মা-ছেলে খুনের ঘটনার প্রায় ৩দিন পেরিয়ে গেলেও এখনো ধরা পড়েনি কেউ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর থেকে সিলেট নগরবাসীর এদিকে চোখ থাকলেও মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে। তবে পুলিশ প্রশাসন বলছে তদন্ত চলছে।
গত রোববার (১ এপ্রিল) খারপাড়াস্থ মিতালী আবাসিক এলাকার ১৫/জে নং বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৬) বছরখানেক ধরে ওই বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার দিন রাতেই নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে মামলা করলেও এজাহারে পুর্বের কয়েকটি ঘটনার সন্দেহভাজনদের নাম উল্লেখ করেন।
সপ্তাহ দুয়েক আগে রোকেয়ার বাসায় হামলা, মোবাইল ছিনিয়ে নেওয়া এবং তাকে মারধরের ঘটনা উল্লেখ করে এর সাথে জড়িত পাপলু, সুমন, শিপন, মারুফ ও রিপনসহ অজ্ঞাত কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে এজাহারভূক্ত করা হয়।
এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন- ‘এখন পর্যন্ত কোনো আসামী ধরা পড়েনি সত্যি, তবে যেভাবে তদন্ত চলছে আমরা আশাবাদী। যেসব ক্লু পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে এখনই এসব উন্মুক্ত করা ঠিক হবে না। ‘
মামলার ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব বলেন- ‘এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একটু ধৈর্য ধরলে অবশ্যই ভাল খবর পাবেন।’
উল্লেখ্য, গত রোববার (১ এপ্রিল) দুপুরে নগরীর মিরাবাজার খাঁরপাড়া এলাকার বাসা থেকে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৬) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় রোকেয়ার ৫ বছর বয়সী মেয়ে রাইসাকে জীবিত উদ্ধার করা হয়। রোকেয়া বেগম, তার ছেলে রোকন ও শিশুকন্যা রাইসাকে নিয়ে এক বছর আগে বাসাটি ভাড়া নেন। তাদের সাথে তানিয়া নামের এক কাজের মেয়েও থাকতো।
গত রোববার সকালে রোকেয়ার ভাই জাকির তাদের খোঁজ নিতে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পর কেউ সাড়া না দেয়ায় তিনি বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাসার ভেতর থেকে মরদেহ দুটি এবং মেয়ে রাইসাকে জীবিত উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed