Main Menu

কারাগারে ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কারাগারে অসুস্থ হয়ে তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন মারা গেছেন। আজ সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া গনম্যাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, কারারক্ষীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

গত ৬ মার্চ প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। শনিবার (১০ মার্চ) রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৫ ডিসেম্বর সচিবালয় এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় জাকিরকে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

নিহত জাকির হোসেনের কারাবন্দি নং-১০৯৬৫/১৮। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সিকান্দি এলাকায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তারা টঙ্গীর মাজুখাল এলাকায় থাকেন। জাকির হোসেনের স্ত্রী তানিয়া অাক্তার এবং মাহি অাক্তার (৮) ও অায়েশা অাক্তার (আড়াই বছর) নামে দুই মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রীর ভাই রাশেদ বলেন, গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে অাটক করে। পরে তিনদিনের রিমান্ড শেষ গতকাল (রোববার) তাকে কারাগারে পাঠানো হয় বলে জেনেছি। আর অাজ শুনলাম সে মারা গেছে।

Share





Related News

Comments are Closed