Main Menu

সিলেটে মার্কেটে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কাস্টঘরের একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে আল খাজা মার্কেটের তিন তলাস্থ হাজী আমিন এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে রাখা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পরে সেই আগুন পার্শ্ববর্তী নিউ মার্কেট এলাকার ৫ তলাতে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফিক বলেছেন- রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

আল আমিন এন্ড সন্সের স্বত্ত্বাধিকারী সাহেল আহমদ জানান, তিনি গোডাউনে শনিবার প্রায় ১২ লাখ টাকা মূল্যের কেমিকেল, ড্রাম ও কর্কশীট মজুদ করেছিলেন। এর বাইরে আরো মালামাল মজুদ ছিল। সবমিলিয়ে তার অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তরুণ এ ব্যবসায়ী।

অগ্নিকান্ডের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। এসময় ব্যবসায়ীরা মহাজনপট্টি এলাকার সড়ক প্রশস্ত করার দাবি জানান।

Share





Related News

Comments are Closed