Main Menu

খালেদা জিয়ার জামিন শুনানি আজ

বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ রোববার দুপুর ২টায় শুরু হবে।

আবেদনটি উচ্চআদালতে আজকের কার্যতালিকায় রাখা হয়েছে। সেখানে দুপুর ২টায় সময় নির্ধারণ করা রয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার জামিন হবে কিনা তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন সবাই।

গত মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন তার আইনজীবীরা। এর একদিন পর বৃহস্পতিবার তারা খালেদা জিয়ার জামিনের জন্য আলাদাভাবে আবেদন করেন। আদালত এদিন দুটি আবেদন গ্রহণ করে খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত করেন এবং আজ রোববার জামিনের শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে ১৮ দিন ধরে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।

Share





Related News

Comments are Closed