Main Menu

সিলেট নগরীতে যুবক খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদ বাজারে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বক্তরা। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত যুবকের নাম শিমুল দেব (৩২)। তিনি সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
শিমুলের প্রতিবেশিরা জানান, সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু’পক্ষে মারামারি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।
স্থানীয় দিঘির পাড় সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দিঘির ঘাটে একটি লাশ ফেলে রাখা হয়েছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনও ঘটনাস্থলে আসেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed