Main Menu

শোকাবহ পিলখানা ট্রাজেডি দিবস আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইতিহাসের কলঙ্কজনক বিডিআর হত্যাযজ্ঞের ৯ বছর পূর্তি হলো আজ ২৫ ফেব্রুয়ারি। শোকাবহ সে পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। ইতিহাসের সে কালো দিন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তান্ডব চালায়। ওই দুই দিন বাহিনীর তখনকার মহাপরিচালকসহ (ডিজি) ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নৃশংসভাবে হত্যা করে বিদ্রোহীরা।
জানা গেছে, শোকাবহ এ ঘটনায় নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আজ সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একসঙ্গে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। শ্রদ্ধা জানানো হবে বিএনপির পক্ষ থেকেও।
জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের ৫৭ সেনা কর্মকর্তাসহ নারী ও শিশু মিলে মোট ৭৪ জন সে নৃশংস হত্যার শিকার হয়েছিলেন। এক এক করে ৯টি বছর পার হলেও সে নির্মম হত্যাকা-ের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি নিহতদের স্বজনরা।
শোকাবহ দিবসের কর্মসূচি : পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ ব্যক্তিদের স্মরণে আজ রোববার শাহাদাতবার্ষিকী পালন করবে বিজিবি। দিনের কর্মসূচিতে রয়েছে পিলখানাসহ বিজিবির সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর খতমে কোরআন, বিজিবির সব মসজিদে এবং বিওপি পর্যায়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র সচিব এবং বিজিবি মহাপরিচালক (একসঙ্গে) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সোমবার বাদ আসর পিলখানার বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহীদ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া স্বরাষ্ট্র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ ব্যক্তিদের নিকটাত্মীয়রা, পিলখানায় কর্মরত সব কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক ও বেসামরিক কর্মচারীরা অংশগ্রহণ করবেন।
শ্রদ্ধা জানাবে বিএনপি : বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের সিনিয়র নেতারা আজ সকাল সাড়ে ১০টায় বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, প্রতিবারের মতো বিএনপির পক্ষ থেকে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দলের সিনিয়র নেতারা দলীয় চেয়ারপারসনের পক্ষে শ্রদ্ধা জানাবেন।

Share





Related News

Comments are Closed