Main Menu

রাঙ্গামাটিতে মারমা তরুণী ধর্ষণের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাঙ্গামাটির বিলাইছড়িতে দুই মারমা তরুণী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার আহবায়ক তামান্না আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইশরাত রাহী রিশতা। সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট উজ্জল রায়, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার অন্যতম সদস্য লক্ষী পাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশ আজ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কোথাও কোন নারী আজ নিরাপদ নয়। এমনকি নিজ ঘরেও তারা আজকে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আর এই পরিস্থিতি তৈরী হওয়ার পেছনে সরকারের ভুমিকা রয়েছে। সরকার নারী নির্যাতনসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় নির্যাতনকারীদের পক্ষে দাড়িয়ে তৈরী করেছে বিচারহীনতার সংস্কৃতি। পাহাড়ের মানুষজনের মৌলিক মানবিক অধিকারকে ভুলুন্ঠিত করে সেখানে চলছে নিরাপত্তার নামে সেনা শাসন। সেনাবাহিনী সেখানে জাতিগত দমন-পীড়ন চালিয়ে কার নিরাপত্তা নিশ্চিত করছে? বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে খুন-ধর্ষণের অভিযোগ আসলেও তার বিচার হয়নি। একইভাবে দুই মারমা তরুনীকে ধর্ষনের ঘটনার বিচার না করে তাদেরকে অপহরণ করা হয়েছে। বিচারের দাবিতে আন্দোলনরতদের উপর হামলা করা হয়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে আজ দেশের সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ না হলে কেউ এই নরপিশাচদের হাত থেকে বাঁচতে পারবেনা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নারী নির্যাতনসহ সকল ধরণের নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ আহবান জানান।

Share





Related News

Comments are Closed