Main Menu

২৪ ফেব্রুয়ারি কালো পতাকা মিছিল বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রয়ারি পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এর প্রতিবাদে ২৪ ফেব্রয়ারি রাজধানীতে কালোপতাকা মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা বলেছে আমাদের সভা সমাবেশে বাধা দিবে না। কিন্তু আমরা সমাবেশের অনুমতি চাওয়ার পর এখনও পুলিশ আমাদের সেই অনুমতি দেয়নি। এটা সরকারের প্রতিহিংসার অংশ। আমাদের সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় কালো পতাকা মিছিল করবো।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়াকে কারাবন্দি করেও ষড়যন্ত্রকারীদের তৃষ্ণা মিটছে না। তাই বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে লেগেছে। এখন জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

Share





Related News

Comments are Closed