Main Menu

সিলেটে এপিসি দিয়ে পুলিশের টহল, সতর্কাবস্থায় র‌্যাব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খালেদা জিয়ার রায়কে ঘিরে সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে নগরীতে এপিসি (আর্মড পারসোনাল ক্যারিয়ার) দিয়ে টহল দিচ্ছে পুলিশ। দূর পাল্লার যানবাহনে তল্লাশী চালাচ্ছে র‌্যাব। প্রস্তুত রাখা হয়েছে ৬ প্লাটুন বিজিবিকে।
নাশকতার আশংকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় বিএনপি জামায়াতের ৩৬ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অন্যান্য দিনের তুলনায় নগরীতে যানবাহন চলাচল করছে। সতর্কতা হিসাবে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রায় নিয়ে মানুষের মধ্যে বিরাজ করছে এক ধরণের আতংক। নগরীর বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে চৌকি। বাড়ানো হয়েছে টহলও।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মাদ আব্দুল ওয়াহাব বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে মহানগর পুলিশ। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পোশাকে, সাদা পোশাকে ও টহল পুলিশ থাকবে। কোনো ধরণের বিশৃংখলা হলে পুলিশ অ্যাকশনে যাবে বলে জানান তিনি।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান জানান, বুধবার দুপুর থেকে দূরপাল্লার এবং শর্ট রেঞ্জের গাড়ি চেক করা হচ্ছে। সন্দেহভাজন লোকজন যাতে কোন কিছু বহন করতে পারে-সেদিকে তাদের কড়া নজরদারি রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, ‘সিলেটের যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরী এলাকায় ২ প্লাটুন ও জেলার জন্য চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন পড়লে তারা এ্যাকশনে যাবে।’

Share





Related News

Comments are Closed