Main Menu

আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার ৫৩তম পর্ব সমাপ্ত

বৈশাখী নিউজ ডেস্ক: মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো টঙ্গীর তুরাগতীরে আয়োজিত ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।

এদিন সকাল ১০টা ২০ মিনিটে মোনাজাত শুরু হয়। প্রায় ২৫ মিনিট চলে এই মোনাজাত।

দ্বিতীয় পর্বের মোনাজাতও পরিচালনা করেন তাবলিগের কাকরাইল (মারকাজ) মসজিদের ইমাম বাংলাদেশি হাফেজ মাওলানা মো. জোবায়ের। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বাংলা ভাষায় আখেরি মোনাজাত করা হয়।

মোনাজাতে সকল প্রকার বালা-মছিবত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। দুনিয়াতে এবং আখেরাতের আজাব থেকে হেফাজত চেয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। জান্নাত কামনা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করা হয়।

এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে সকাল থেকেই শিল্প নগরী টঙ্গী ও রাজধানী উত্তরার আশপাশের এলাকা পরিণত হয় ধর্মীয় উৎসবের নগরীতে। সোয়া ১০টা বাজতেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পিনপতন নীরবতা নেমে আসে। সেই নীরবতা ভঙ্গ করে মোনাজাতে লাখ লাখ মুসল্লির আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

মাঠ, সড়ক, ঘরবাড়ির ছাদ, তুরাগের তীর, নৌকা, যানবাহন- যে যেখানে জায়গা করে নিতে পেরেছেন সেখানেই দু’হাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। পুরুষদের পাশাপাশি নারীরাও মোনাজাতে অংশ নেন। টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়ায় অনেকে বাসাবাড়ি ও অফিস থেকেও মোনাজাতে অংশ নেন।

বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি জেলার মুসল্লিরা এই পর্বে অংশ নেন। ইজতেমা আয়োজন নিয়ে বিদেশি মুসল্লিরা বাংলাদেশের ভূঁয়সী প্রশংসা করেছেন।

এর আগে গত শুক্রবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বে দেশের ১৬টি জেলার কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এছাড়া ৮৮টি দেশের ৪ হাজার ৪৭৩ জন বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নেন। ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ১৪ জানুয়ারি।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের উদ্যোগে এ মহা ধর্মীয় সমাবেশ হয়ে আসছে।-খবর ইউএনবি

Share





Related News

Comments are Closed