Main Menu

বড়দিনের সাজে সেজেছে সিলেটের গির্জা

বৈশাখী নিউজ ডেস্ক: বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে বড়দিন। বিশ্বের খ্রিস্ট সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এটি। এই আনন্দ উৎসবের আলোয় ভরিয়ে তুলতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সিলেটের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে গির্জাগুলোও। তাছাড়া গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। রোববার সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চ ঘুরে দেখা গেছে এমন প্রস্তুতির চিত্র।

এদিকে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন উদযাপনের লক্ষে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে ২৫ ডিসেম্বর সোমবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এসব কর্মসূচি ছাড়াও দিনব্যাপি বিভিন্ন প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় কেক কেটে উৎসব উদযাপন করা হবে। এতে সিলেটের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। বিশেষ উপাসনা শেষে দুপুরে রয়েছে প্রীতিভোজ। তাছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে। এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

এসব তথ্য জানিয়ে চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা জানান, বড়দিন হলো বড় হওয়ার দিন। বড়দিন উৎসবের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি, অন্তরের প্রস্তুতি এবং বাহ্যিক অনেক প্রস্তুত্তি নেয়া হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে সার্বজনীন এমনটি আশা করেন তিনি।

অন্যদিকে, বড়দিন উদযাপনের লক্ষে চার্চগুলোতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সবাই আনন্দঘন পরিবেশেই উৎসব উদযাপন করতে পারবেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।

Share





Related News

Comments are Closed