Main Menu

রংপুর সিটি নির্বাচন বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক : বৃহস্পতিবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম।

এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

রংপুর সিটি নির্বাচনে ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।

এদিকে, প্রচারণা শেষে বহিরাগত নেতৃবৃন্দ নির্বাচনী এলাকা ছাড়তে শুরু করেছেন।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ ১০ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবেন।

তিনি বলেন, মোট ৩৩টি ওয়ার্ডেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। অতিরিক্ত ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন স্ট্রাইকিং ফোর্স নিয়ে। সব মিলে পাঁচ সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের মাঠে থাকবে।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এখন নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে পুরো রংপুর মহানগরী।’

পুলিশের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করার পর চেক পোস্ট বসিয়ে এ পর্যন্ত শতাধিক যানবাহন আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম যানবাহন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed