Main Menu

কমলগঞ্জে বন্য শুকরের হামলায় কৃষক আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে বন্য শুকরের হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছেন। আহত কৃষককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভোরে ভয়ে খেতে যাচ্ছেন না কৃষকরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৬টায় আদমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
আদমপুর ইউনিয়ন কার্যালয় ও নোয়াগাঁও গ্রাম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টায় গ্রামের কৃষক আব্দুল মালিক (৫৫) তার খেতে শাক সবজি তদারকি করতে গিয়েছিলেন। এসময় পার্শ্ববর্তী রাজকান্দি বনাঞ্চল থেকে একটি বন্য শুকর বেরিয়ে এসে তার উপর (আব্দুল মালিক) হামলা করে রক্তাক্ত জখম করে। গ্রামবাসীরা ধাওয়া করলে বন্য শুকরটি আবার বনে ফিরে গেলে গুরুতর আহতাবস্থায় কৃষক মালিককে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছিল। তার অবস্থা গুরুতর দেখে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আদমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য হাজী আলমগীর হাসান বন্য শুকরের হামলায় কৃষক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায়ই বন্য শুকর বন থেকে লোকালয়ে এসে খেতের শাক সবজি ক্ষতি করে। ভয়ে এখন কৃষকরা ভোরে খেতে শাক সবজি তদারকি করতে যাচ্ছেন না।
ক্ষতিগ্রস্ত কৃষক হান্নান মিয়া ও আক্তার হোসেন বলেন, গত কয়েকদিন থেকে রাজকান্দি বন থেকে বন্য শুকুরের দল গ্রামে প্রবেশ করে খেতের রোপিত আলু থেকে শুরু করে সব ধরনের শাক সবজি বিনষ্ট করছে। বৃহস্পতিবার সকালেও এভাবে বন্য শুকর বের হয়ে একজন কৃষককে হামলা চালিয়ে আহত করেছে।
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা আবু তাহেরও বন্য শুকরের হামলায় আব্দুল মালিক নামের এক কৃষক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সংরক্ষিত বনে অনেক বন্য শুকর আছে। মাঝে মাঝে এসব শুকর খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে ক্ষেত বিনষ্ট করে থাকে। কিভাবে বন্য শুকরকে প্রতিরোধ করা যায় তা বন বিভাগ ভেবে দেখছে বলেও তিনি জানান।

 

Share





Related News

Comments are Closed